মিড-ডে মিল না কি ভোজবাড়ি? আউশগ্রামে খুদেদের পাতে মাংস-আইসক্রিম দেখে অবাক সবাই!
February 10, 20269:07 pm

পূর্ব বর্ধমানের আউশগ্রামের ছোড়া কলোনি স্কুলে সোমবার ধরা পড়ল এক ভিন্ন ছবি। প্রতিদিনের একঘেয়ে ডাল-ভাতের বদলে এদিন ২১০ জন পড়ুয়ার পাতে সাজানো ছিল ভাত, মাংস, চাটনি, দই, মিষ্টি ও আইসক্রিম। মূলত স্থানীয় সমাজসেবী বিকাশ ভক্তের সৌজন্যেই মিড-ডে মিলে এই এলাহি আয়োজন সম্ভব হয়েছে। খুদে পড়ুয়াদের সঙ্গে বসে এদিন নিজেও মধ্যাহ্নভোজ সারেন তিনি।
শুধু ভূরিভোজই নয়, শিক্ষার প্রসারে এদিন ছাত্রছাত্রীদের হাতে খাতা ও কলমও তুলে দেওয়া হয়। একঘেয়ে খাবারের বদলে এমন রাজকীয় মেনু পেয়ে উচ্ছ্বসিত খুদে পড়ুয়ারা জানায়, স্কুলে এমন আয়োজন তারা আগে কখনও দেখেনি। প্রিয় ছাত্রছাত্রীদের মুখে হাসি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন শিক্ষকরাও। মূলত শিশুদের আনন্দ দেওয়া এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।