‘ফ্রি মদের লোভে শ্মশানে’, এসআইআর শুনানিতে গরহাজির ভোটারের আজব সাফাই বিএলও-র!

ভোটার তালিকার শুদ্ধিকরণ বা এসআইআর শুনানিতে কেন উপস্থিত নেই ভোটার? নির্বাচন কমিশনের কাছে পাঠানো রিপোর্টে এমনই এক প্রশ্নের উত্তরে বিস্ফোরক তথ্য পেশ করলেন হুগলির এক বিএলও। সংশ্লিষ্ট আধিকারিক লিখিতভাবে জানিয়েছেন, শুনানিতে আসার বদলে শ্মশানে গিয়ে মদ্যপান করতেই বেশি আগ্রহী ছিলেন ওই ভোটার। এমনকি রিপোর্টের মন্তব্যে সরাসরি ‘মদ্যপানের ঘোরে ভুলে গিয়েছেন’ (ফরগট ড্রিঙ্কিং ওয়াইন) কথাটি উল্লেখ করেছেন ওই শিক্ষক তথা বিএলও।
বারবার ডাকা সত্ত্বেও ওই ব্যক্তি হাজির না হওয়ায় চূড়ান্ত বিরক্তি থেকেই এমন সত্যনিষ্ঠ রিপোর্ট দিয়েছেন বলে জানিয়েছেন ওই বিএলও। তাঁর দাবি, পাশের গ্রামে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে বিনামূল্যে মদ্যপানের লোভে ওই ভোটার শ্মশানে চলে যান। হুগলির গ্রামীণ এলাকায় শবযাত্রীদের মদ্যপানের রেওয়াজ ও ওই ভোটারের দায়িত্বজ্ঞানহীনতায় অতিষ্ঠ হয়েই সরকারি নথিতে এমন নজিরবিহীন মন্তব্য করেছেন তিনি। এই ঘটনা বর্তমানে জেলা প্রশাসনের অন্দরে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।