গাড়িতে দুর্ঘটনার ছক, সুপারি কিলার নিয়োগ করেছেন এসপি! বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের

তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা তথা জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবীর এবার মুর্শিদাবাদের পুলিশ সুপারের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। এসপি নাকি তাঁকে হত্যার উদ্দেশ্যে দু’জন সুপারি কিলার নিয়োগ করেছেন এবং গাড়ি দুর্ঘটনার মাধ্যমে তাঁকে প্রাণে মারার নীল নকশা তৈরি হয়েছে। এই ঘটনায় মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হুমায়ুন ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বর্তমানে রাজ্য পুলিশের নিরাপত্তা পেলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করলেই প্রশাসনের আসল রূপ প্রকাশ পাবে। এর আগে মসজিদ নির্মাণ ইস্যু ও লাগাতার হুমকির কথা উল্লেখ করে তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবি করেছিলেন। পুলিশ প্রশাসনের এমন সক্রিয় ভূমিকা নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠছে।