তান্ত্রিকের ডেরা থেকে গাড়িতে মৃত্যু? দিল্লির রোমহর্ষককাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

দিল্লির পীরাগড়ি ফ্লাইওভারে গাড়ি থেকে তিনজনের রহস্যময় দেহ উদ্ধারের ঘটনায় নয়া মোড় নিল ‘তান্ত্রিক’ যোগ। পুলিশি তদন্তে জানা গেছে, রণধীর, নরেশ ও লক্ষ্মী নামে ওই তিন ব্যক্তি মৃত্যুর ঠিক আগেই পীরাগড়িতে এক ‘বাবা’র সঙ্গে দেখা করেছিলেন। ঘটনাস্থল থেকে মদের বোতল ও বমির চিহ্ন উদ্ধার হওয়ায় বিষক্রিয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে প্রশাসন। ইতিমধ্য়েই সংশ্লিষ্ট তান্ত্রিক ও তাঁর সহযোগীকে আটক করে জেরা শুরু করেছে দিল্লি পুলিশ।
প্রাথমিক তদন্তে মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও ঘটনার রহস্য দানা বাঁধছে। দীর্ঘদিনের পরিচিত এই তিনজনের গতিবিধি জানতে রুট জুড়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। সম্পত্তি ব্যবসার সঙ্গে যুক্ত রণধীর ও নরেশ কেন তান্ত্রিকের কাছে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ভিসেরা সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।