বিনিয়োগের নামে আপনার জমানো টাকা কি হাতিয়ে নিচ্ছে প্রতারকরা? সাবধান হতে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের
February 11, 20265:52 pm

নিউজ ডেস্ক : আপনার কি মনে হয় অনলাইনে লগ্নি করলেই দ্বিগুণ লাভ হবে? এই লোভই হতে পারে বিপদ! কলকাতায় ২০২৫ সালে ২০৮ কোটি টাকার সাইবার জালিয়াতি হয়েছে। যদিও সচেতনতায় ‘ডিজিটাল অ্যারেস্ট’ কমেছে, তবে বিনিয়োগের ফাঁদে সর্বস্ব খোয়ানোর ঝুঁকি বাড়ছে সাধারণ মানুষের। ডিজিটাল দুনিয়ায় আপনার কষ্টার্জিত টাকা সুরক্ষিত রাখতে তাই আগের চেয়েও বেশি সতর্ক হওয়া প্রয়োজন।
প্রতারিত হলে এখন আর দিশেহারা হতে হবে না। সাধারণ মানুষের সুরক্ষায় কলকাতা পুলিশ চালু করল নতুন হেল্পলাইন নম্বর ১৮০০৩৪৫০০৬৬, যেখানে ২৪ ঘণ্টা মিলবে বিশেষজ্ঞের সহায়তা। এছাড়া নিয়মিত ‘সাইবার পাস’ বা নিউজলেটারের মাধ্যমে নাগরিকদের জালিয়াতি রুখতে প্রশিক্ষণ দেওয়া হবে। মনে রাখবেন, প্রতারণার শিকার হলে দেরি না করে দ্রুত পুলিশকে জানানোই টাকা ফেরতের একমাত্র উপায়।