২৫% অতিরিক্ত শুল্ক থেকে মুক্তি! আপনার পকেটে এর কী প্রভাব পড়বে জানেন?

নিউজ ডেস্ক : ভারতীয় পণ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আর দিতে হবে না বলে স্পষ্ট জানাল আমেরিকা। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, এতে আমাদের কী লাভ? সহজভাবে বলতে গেলে, আমেরিকার এই সিদ্ধান্তের ফলে ভারতীয় রফতানি পণ্য যেমন সস্তা হবে, তেমনই দুই দেশের বাণিজ্যিক টানাপড়েন কমায় স্থিতিশীল হবে বাজার। হোয়াইট হাউসের নির্দেশনা অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি বা তার পরে পাঠানো পণ্যের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে, যেখানে শুল্কের হার ২৫ থেকে কমে ১৮ শতাংশে নামছে।
তবে এর নেপথ্যে থাকা রুশ তেল আমদানির বিষয়টি নিয়ে মোদী সরকার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। ভারতের সাফ কথা, দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা সবার আগে। সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়েছে, ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিচার করে দেশীয় তেল সংস্থাগুলি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে এবং সুলভ মূল্যে তেল আমদানি অব্যাহত থাকবে। অর্থাৎ, আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাঁচে দেশের সাধারণ মানুষের স্বার্থকে কোনোভাবেই খাটো করছে না নয়াদিল্লি, যা দীর্ঘমেয়াদে বাজারের জন্য ইতিবাচক সংকেত।