বকেয়া টাকা নাকি কর্মীদের বঞ্চনা? মমতাকে বিঁধে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী!

নিউজ ডেস্ক: আপনি কি জানেন, পশ্চিমবঙ্গের প্রায় ২০ লক্ষ সরকারি কর্মী কেন এখনও রাজপথে? কেন্দ্রের বকেয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরব হওয়ার দিনেই পাল্টা তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তিনি প্রশ্ন তুলেছেন, যে সরকার নিজের কর্মচারীদের ন্যায্য মহার্ঘ্য ভাতা (ডিএ) দিতে পারে না, তারা কোন মুখে বকেয়া টাকার দাবি জানায়? মন্ত্রীর দাবি, ডিএ কর্মীদের অধিকার, কোনও দান নয়। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি নিজের কর্মীদের বিরুদ্ধে আদালতে লড়াই করছেন।
মূল্যবৃদ্ধির বাজারে ডিএ না পাওয়ায় সাধারণ সরকারি কর্মচারীদের পরিবারগুলি চরম আর্থিক সংকটে ভুগছে। সপ্তম বেতন কমিশন তো দূর অস্ত, ষষ্ঠ বেতন কমিশনের দাবিতেও এখানে হাহাকার চলছে। কেন্দ্রীয় মন্ত্রীর স্পষ্ট কথা, এসআইআর নয়, বরং দীর্ঘদিনের প্রাপ্য না পাওয়ার হতাশাই কর্মীদের ঠেলে দিচ্ছে অন্ধকারের দিকে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলা প্রশাসন যদি খোদ কর্মীদেরই প্রাপ্য মেটাতে আদালতে মামলা লড়ে, তবে জনস্বার্থ সুরক্ষিত থাকবে তো? মন্ত্রীর এই আক্রমণ রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিল।