ভোটার তালিকা থেকে বাদ পড়বে না কেউ? মমতার ‘ম্যান মার্কিং’ নির্দেশে তোলপাড় রাজ্য!

ভোটার তালিকায় নাম সংশোধন ও নতুন ভোটার অন্তর্ভুক্তির শুনানি শেষ হতে আর মাত্র তিন দিন বাকি। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে বিএলএ-২ ও কাউন্সিলরদের সঙ্গে জরুরি বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানিতে যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, তা নিশ্চিত করতে প্রতিটি বুথের প্রতিটি বাড়িতে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিশেষ করে যাঁদের ম্যাপিং হয়নি, তাঁদের বিষয়ে বাড়তি সর্তকতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তৃণমূলের অভিযোগ, বিজেপির ইশারায় বেছে বেছে মহিলাদের টার্গেট করা হচ্ছে এবং বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ‘ম্যান মার্কিং’-এর কায়দায় প্রতিটি গলি ও রাস্তা নিবিড়ভাবে পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। ১৪ তারিখ শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার আগে রাজ্যের প্রতিটি কোণায় পৌঁছে ভোটারদের অধিকার নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে তৃণমূল শিবির।