প্রশিক্ষণের আড়ালে কি বারুদের স্তূপ? বড় দুর্ঘটনার আশঙ্কায় মুখ্যমন্ত্রীকে জরুরি চিঠি!

পশ্চিমবঙ্গে বড়সড় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি। অভিযোগ উঠেছে, দক্ষিণ ২৪ পরগনার বজবজে পরিবেশবান্ধব বাজির প্রশিক্ষণের আড়ালে ‘কোল্ড পাইরো’ নামক অত্যন্ত বিপজ্জনক ও নিষিদ্ধ বাজি তৈরি শেখানো হচ্ছে। এই প্রক্রিয়ায় নাইট্রোসেলুলোস ও অ্যামিলিয়াম পারক্লোরেটের মতো উচ্চঝুঁকিপূর্ণ রাসায়নিক ব্যবহারের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সমিতির চেয়ারম্যান বাবলা রায়।
চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, লাইসেন্সবিহীন ব্যক্তিদের এই প্রশিক্ষণ দেওয়া হলে প্রাণহানি ও ভয়াবহ দুর্ঘটনা অনিবার্য। সাম্প্রতিক বারুইপুর অগ্নিকাণ্ডের উদাহরণ টেনে সমিতি দাবি করেছে, বাজারে অবাধে বিক্রি হওয়া অনুমোদনহীন রাসায়নিকের ওপর কঠোর নজরদারি প্রয়োজন। রাজ্যের বৈধ আতশবাজি শিল্পকে রক্ষা করতে এবং বড় বিপর্যয় এড়াতে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ ও কাঁচামালের মান পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক করার আবেদন জানানো হয়েছে।