বিজেপি বিধায়কের বিরুদ্ধেই দুর্নীতির পোস্টার! ভোটের আগে ঘাটালে তোলপাড়

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজেপি বিধায়ক শীতল কপাটের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দলীয় কার্যালয়ের সামনেই ‘আদি বিজেপি কর্মী’দের নামে লাগানো ওই পোস্টারে চাকরি ও মদের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ তোলা হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে গেরুয়া শিবিরের অন্দরের এই কোন্দল প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।
বিধায়ক শীতল কপাট এই ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেছেন এবং দুর্নীতির প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়েছেন। অন্যদিকে, তৃণমূল এই সুযোগে বিজেপিকে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় বিধায়কের জনপ্রিয়তা দেখে ভয় পেয়েই শাসক দল রাতের অন্ধকারে এই ধরণের কুরুচিকর পোস্টার দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এই অভিযোগ-পাল্টা অভিযোগে বর্তমানে সরগরম ঘাটালের রাজনীতি।