তৃণমূলের সঙ্গে জামাতের তুলনা, বিজেপির খোঁচায় বিস্ফোরক ব্রাত্য বসু

নিউজ ডেস্ক : বাংলাদেশের অশান্ত ভোটে তৃণমূলের ছায়া দেখছে বিজেপি? বুথ দখল থেকে ব্যালট ছিনতাই, সবক্ষেত্রেই জামাতের সঙ্গে বাংলার শাসকদলের তুলনা টেনেছে গেরুয়া শিবির। বিজেপির এমন আজব অভিযোগ শুনে হেসেই কূল পাচ্ছেন না ব্রাত্য বসু। পাল্টা খোঁচা দিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এরপর কি তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো অপহরণের পেছনেও তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করবে বিজেপি?
ভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো এবং সবখানে তৃণমূলের ‘ভূত’ দেখা নিয়ে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি সাফ জানান, বাংলায় কথা বলার অপরাধে ভিনরাজ্যে শ্রমিক খুন হওয়া সত্ত্বেও বিজেপি কোনো দায় নিচ্ছে না। বরং বাঙালি বিদ্বেষী মনোভাব থেকেই তারা এই ধরণের কুরুচিকর তুলনা টেনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বিজেপির এই উচ্চমণ্যতা ও বাংলা বিরোধী অবস্থান সাধারণ মানুষের নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে।