বাংলাদেশে ফিরছে তারেক যুগ এবং বিএনপির নিরঙ্কুশ জয়ের পথে মোদীর শুভেচ্ছা বার্তা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় সাফল্যের পথে এগিয়ে চলেছে বিএনপি। ধানের শিষের এই জয়জয়কার স্পষ্ট হতেই তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে তিনি দুই দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল সম্পর্ককে আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন মোদী।
একইভাবে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে আমেরিকা ও পাকিস্তান। ঢাকা দূতাবাসের মাধ্যমে ওয়াশিংটন ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানিয়ে দ্বিপাক্ষিক সমৃদ্ধি ও নিরাপত্তা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বার্তা দিয়েছেন। আন্তর্জাতিক মহলের এই উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনে এক নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।