তারেক রহমানের জয়ের মাঝেও জামাত কাঁটায় বিদ্ধ সংসদ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশে হাসিনা সরকারের পতনের দেড় বছর পর অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরছে খালেদা জিয়ার বিএনপি। প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান। তবে আওয়ামি লিগ নিষিদ্ধ থাকায় এই নির্বাচনে কার্যত ফাঁকা মাঠে গোল দিলেও বিএনপির অস্বস্তি বাড়িয়েছে জামাত-ই-ইসলামির অভাবনীয় উত্থান। ২৯৯টি আসনের মধ্যে ৭০টিরও বেশি আসন জিতে সংসদে প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে কট্টরপন্থী এই দলটি, যা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে।
জামাতের এই শক্তিবৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। সন্ত্রাসবাদের আশঙ্কায় তিনি জামাতকে রুখতে তারেক রহমানের দিকে আলোচনার ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। অতীতে খালেদা জিয়া বা হাসিনা জামাতকে নিয়ন্ত্রণে রাখলেও বর্তমানে ৭৭টি আসন নিয়ে তারা অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। এখন দেখার বিষয়, জামাতের প্রভাব খর্ব করতে তারেক রহমান আওয়ামি লিগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে হাসিনাদের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করেন কি না।