এয়ার ইন্ডিয়া AI-171 দুর্ঘটনায় পাইলটের বিরুদ্ধে ওঠা অন্তর্ঘাতের জল্পনা ওড়াল কেন্দ্র – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় পাইলটের ‘ইচ্ছাকৃত পদক্ষেপ’ নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা সরাসরি খারিজ করে দিল এয়ারক্র্যাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB। কেন্দ্রীয় এই সংস্থাটি জানিয়েছে, ইতালীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তদন্তের চূড়ান্ত রিপোর্টের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত। বর্তমানে তদন্ত প্রক্রিয়া এখনও চলমান রয়েছে এবং কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে স্পষ্ট করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনস্থ এই তদন্তকারী সংস্থাটি।
গত বছরের ১২ জুন উড্ডয়নের মাত্র ৩২ সেকেন্ডের মাথায় বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি আছড়ে পড়লে ২৬০ জনের মৃত্যু হয়। প্রাথমিক রিপোর্টে ফুয়েল সুইচ বন্ধ হওয়ার কথা উল্লেখ থাকলেও, ককপিট ভয়েস রেকর্ডিং অনুযায়ী পাইলটদের মধ্যে এ নিয়ে বিভ্রান্তি ছিল। AAIB জানিয়েছে, আন্তর্জাতিক নিয়ম মেনেই তদন্ত শেষ করে চূড়ান্ত নিরাপত্তা সুপারিশসহ রিপোর্ট প্রকাশ করা হবে। তার আগে পাইলট সুমিত সাভরওয়ালের ওপর দোষারোপ করার মতো জল্পনা কঠোরভাবে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি।