সংসার ও সন্তান ফেলে ভিনরাজ্যের তরুণীর টানে ঘর ছাড়লেন বীরভূমের গৃহবধূ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : চার বছরের দাম্পত্য ও তিন বছরের সন্তানকে পেছনে ফেলে নিজের পছন্দের মানুষের সাথে নতুন জীবন শুরু করতে বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন বীরভূমের মাড়গ্রামের এক গৃহবধূ। শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের আবেদন জানান ইন্দ্রানী দালাল। ছোটবেলা থেকেই তিনি সমকামী এবং পরিবারের চাপে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করেছেন। বর্তমানে তিনি বিহারের ১৯ বছর বয়সী তরুণী প্রীতি কুমারীর সঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন।
ইন্দ্রানীর অভিযোগ, নিজের পরিচয় লুকিয়ে দীর্ঘ সময় কাটাতে হয়েছে তাঁকে। প্রায় দুই বছর আগে সমাজমাধ্যমে প্রীতির সঙ্গে আলাপ হওয়ার পর তাঁদের সম্পর্ক গভীর হয়। সম্প্রতি প্রীতি বীরভূমে এলে দুজনে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। সমাজে নিজেদের মতো করে বাঁচার অধিকার ও স্বীকৃতির লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন তাঁরা। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের মাড়গ্রাম এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।