ইরানকে কড়া বার্তা দিতে পশ্চিম এশিয়ায় রণতরী পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : পারস্য উপসাগরে উত্তেজনা বাড়িয়ে আরও একটি শক্তিশালী মার্কিন রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১০ ফেব্রুয়ারি ইঙ্গিত দেওয়ার পর এবার ক্যারিবিয়ান অঞ্চল থেকে ‘জেরাল্ড আর ফোর্ড’-কে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সাগরে মোতায়েন থাকা ‘আব্রাহাম লিঙ্কন’-এর সঙ্গে যুক্ত হয়ে ইরানের ওপর ওয়াশিংটনের সামরিক চাপ আরও বাড়বে বলে মনে করছে কূটনৈতিক মহল।
ওমানে দু’দেশের মধ্যে প্রাথমিক আলোচনা চললেও হরমুজ প্রণালীতে সাম্প্রতিক ইরানি যুদ্ধমহড়া পরিস্থিতিকে জটিল করে তুলেছে। তেহরান অবশ্য আমেরিকার এই রণকৌশলে মাথা নত করতে নারাজ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। বাণিজ্যিক জলপথের নিরাপত্তা নিশ্চিত করা না কি ইরানকে কোণঠাসা করা, আমেরিকার এই পদক্ষেপের নেপথ্যে থাকা প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখন আন্তর্জাতিক স্তরে জোর চর্চা শুরু হয়েছে।