জাপানের সেই প্রতিশ্রুতি রাখতে এসপ্ল্যানেডের রাস্তার নাম বদলাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : এসপ্ল্যানেড রো (ওয়েস্ট) এখন থেকে পরিচিত হবে বিচারপতি রাধাবিনোদ পাল সরণি নামে। গত বছর জাপান সফরে গিয়ে প্রয়াত বিচারপতির পরিবারের কাছে এই নামকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার নেওয়া এই সিদ্ধান্তে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সিলমোহর দিয়েছে কলকাতা হাই কোর্ট। রাধাবিনোদ পাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হাই কোর্টের বিচারপতি ছাড়াও আন্তর্জাতিক স্তরে জাপানের অকৃত্রিম বন্ধু হিসেবে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিচার প্রক্রিয়ায় বিশেষ ভূমিকার জন্য টোকিওতে তাঁর নামে জাদুঘর থাকলেও কলকাতায় তাঁর স্মৃতি রক্ষার্থে কোনও রাস্তার নাম ছিল না। কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাপান সফরকালে বিচারপতির পরিবারের আর্জিতে সাড়া দিয়েই এই উদ্যোগ নেন অভিষেক। আইনি প্রক্রিয়া শেষে আদালতের অনুমোদনের ফলে এখন থেকে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তাটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি আইনজ্ঞের নামে উৎসর্গ করা হলো।