অদম্য ইচ্ছাশক্তি আর আশ্রমের আশ্রয়ে উচ্চমাধ্যমিকের বৈতরণী পার করছে ১০ অনাথ পরীক্ষার্থী – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নম্বর ব্লকের পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রম ও স্নেহ ছায়া শিশু আবাসের ১০ জন আবাসিক এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছে। বাবা-মা না থাকলেও প্রতিকূলতাকে জয় করে নিজেদের স্বপ্নপূরণের লক্ষ্যে অবিচল এই পড়ুয়ারা। পাউশি বৈকুন্ঠ স্মৃতি মিলনী বিদ্যামন্দির-সহ স্থানীয় বিদ্যালয়গুলি থেকে তারা পরীক্ষায় অংশ নিয়েছে। আশ্রম কর্তৃপক্ষের ঐকান্তিক সহযোগিতা ও সুব্যবস্থাপনায় এই অনাথ পরীক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হয়েছে।
আশ্রমের কর্ণধারদের মতে, আবাসিকদের কঠোর পরিশ্রম ও অদম্য জেদই তাদের এই সাফল্যের পথে এগিয়ে দিয়েছে। আশ্রম কর্তৃপক্ষ কেবল থাকা-খাওয়াই নয়, বরং অভিভাবকহীন এই শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পড়াশোনার সব দায়ভার নিষ্ঠার সঙ্গে পালন করছে। মাধ্যমিকের সাফল্যের পর এবার উচ্চমাধ্যমিকেও ভালো ফলের আশায় বুক বেঁধেছে আশ্রমের এই লড়াকু পরীক্ষার্থীরা। মানবিকতার এক অনন্য নজির স্থাপন করে তাদের পাশে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট আশ্রম দুটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ।