মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা খারাপ হওয়ায় অবসাদে আত্মঘাতী কলকাতার তপসিয়ার কিশোরী – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : কলকাতার তপসিয়ার মহেন্দ্র রায় লেনের এক বহুতলে মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। মেধাবী ওই ছাত্রী সারাবছর পড়াশোনায় ডুবে থাকলেও সাম্প্রতিক অঙ্ক পরীক্ষা আশানুরূপ না হওয়ায় চরম মানসিক অবসাদে ভুগছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাবা-মা বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ প্রকাশ করেন। দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁরা কিশোরীকে সিলিং ফ্যান থেকে ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।
তড়িঘড়ি তাকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, পরীক্ষা খারাপ হওয়ার পর থেকেই সে অত্যন্ত মনমরা হয়ে ছিল। স্বজনদের সান্ত্বনা সত্ত্বেও গভীর বিষণ্ণতা থেকে মুক্তি পায়নি ওই পড়ুয়া। এই মর্মান্তিক ঘটনা বর্তমান শিক্ষা ব্যবস্থায় পড়ুয়াদের ওপর বাড়তে থাকা মানসিক চাপ এবং প্রতিযোগিতার ইঁদুরদৌড় নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।