মায়ের মরণোত্তর চক্ষুদান করে শ্রীঘরে যেতে হলো সমাজকর্মী সন্তানকে – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : মরণোত্তর চক্ষুদানের মহৎ উদ্যোগ নিয়ে চরম হেনস্তার শিকার হলেন সমাজকর্মী আমীরচাঁদ ও তাঁর পরিবার। মৃত রাবেয়া বিবির শেষ ইচ্ছা অনুযায়ী কর্নিয়া সংগ্রহের পর অঙ্গ বিক্রির মিথ্যা অভিযোগে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার আদালত থেকে জামিন পেয়েই কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আমীরচাঁদ দাবি করেন, সমস্ত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তাঁদের ওপর অমানবিক অত্যাচার চালানো হয়েছে।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ রাবেয়া বিবির চক্ষুদানে দুই ব্যক্তির দৃষ্টি ফিরে পাওয়ার খবর নিশ্চিত করলেও স্থানীয় উত্তেজনার জেরে এই ধরপাকড় চলে। সমাজ ও মানবাধিকার কর্মীরা পুলিশের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আমীরচাঁদের অভিযোগ, শিক্ষিত সমাজের একাংশের অন্ধত্ব ও পুলিশের হঠকারিতার কারণেই একটি মানবিক কাজ অপরাধ হিসেবে গণ্য হলো। বর্তমানে আদালত তাঁদের নিঃশর্ত মুক্তি দিলেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।