শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা আনতে ব্রাত্য বসুর বড় পদক্ষেপ আর ফাইল থমকে থাকার দিন শেষ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও গতি আনতে নতুন অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করল রাজ্য সরকার। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এখন থেকে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মচারী ও স্কুল সংক্রান্ত যে কোনো আবেদন কোন টেবিলে কতদিন ধরে আটকে রয়েছে, তা অনলাইনেই দেখা যাবে।
জেলা পরিদর্শকের দফতর থেকে শুরু করে রাজ্যস্তর পর্যন্ত প্রতিটি ফাইলের অবস্থান এবং কর্মকর্তাদের পর্যালোচনার সময়সীমা এখন আবেদনকারীদের হাতের মুঠোয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় প্রশাসনিক দীর্ঘসূত্রিতা কাটাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে দিনানুক্রমিক রিপোর্টের মাধ্যমে কাজের গতি বাড়বে এবং শিক্ষা দপ্তরের পরিষেবা আরও সময়োপযোগী ও স্বচ্ছ হয়ে উঠবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।