তারেক রহমানের হাত ধরে দুই দশক পর বিএনপির রাজকীয় প্রত্যাবর্তন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : দুই দুই দশকের দীর্ঘ অপেক্ষা শেষে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে দলটি অভাবনীয় সাফল্য পেয়েছে এবং দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর এটিই ছিল তারেক রহমানের প্রথম নির্বাচনী লড়াই, যেখানে তিনি নিজে ঢাকা ও বগুড়ার দুটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, বিএনপি ও তার মিত্ররা মোট ২১২টি আসনে জয়ী হয়েছে, যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী পেয়েছে মাত্র ৬৮টি আসন। ৫৯.৪৪ শতাংশ ভোট পড়া এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠনের পথ এখন চূড়ান্ত। এই ঐতিহাসিক জয়ের পর ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পরপরই শপথ গ্রহণ ও নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে।