ভুল নথি আপলোডে জেলাশাসকদের কড়া হুঁশিয়ারি দিয়ে চরম বার্তা দিল নির্বাচন কমিশন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ভোটার তালিকায় নাম সংশোধন ও নথি যাচাইয়ের ক্ষেত্রে জেলাশাসকদের চরম গাফিলতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাফ জানিয়েছেন যে কোনো অপ্রাসঙ্গিক বা ভুল নথি আপলোড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উদাহরণ টেনে কমিশন সতর্ক করেছে যে দায় এড়ানোর সুযোগ নেই এবং প্রয়োজনে দুই বছর পরেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।
নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এসআইআর সংক্রান্ত কাজে আরও নিখুঁত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রয়োজনীয় কাগজ না থাকলে স্থানীয় প্রশাসনকে বিশেষ রিপোর্ট তৈরির ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া শুনানির সময় নির্দিষ্ট নথি ও পাঁচজন বৈধ ভোটারের স্বাক্ষর জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই নিষ্পত্তি হওয়া মামলাগুলো পুনরায় যাচাই করার পাশাপাশি ছয় হাজার তিনশ জন গ্রুপ-বি আধিকারিককে এই প্রক্রিয়ায় যুক্ত করে দ্রুত নির্ভুল তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কমিশন।