খালিস্তানি নেতা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে মার্কিন আদালতে দোষী সাব্যস্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : নিউইয়র্কে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতওয়ন্ত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রের অভিযোগে ম্যানহাটন আদালতে দোষ স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত। ৫৪ বছর বয়সি এই ব্যক্তি জনৈক ভাড়াটে খুনিকে ১৫ হাজার ডলার অগ্রিম দেওয়ার কথা কবুল করেছেন, যিনি আসলে মার্কিন প্রশাসনের গোপন চর ছিলেন। প্রসিকিউটরদের দাবি অনুযায়ী, এই খুনের পরিকল্পনায় প্রায় ১ লক্ষ ডলারের চুক্তি হয়েছিল।
বর্তমানে ব্রুকলিনের কারাগারে বন্দি নিখিল গুপ্তের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্র ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। আগামী ২৯ মে বিচারক ভিক্টর মাররো এই মামলায় সাজা ঘোষণা করবেন, যেখানে অপরাধীর সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে। এই ঘটনায় ভারত সরকার ইতিপূর্বেই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুপারিশ জানানো হয়েছে।