মাঝআকাশে হঠাৎ বিকট শব্দ! ইঞ্জিন বিস্ফোরণে বিমানে কী ঘটেছিল?

NEWS DESK : মাঝআকাশে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল নাইজেরিয়ার একটি যাত্রীবাহী বিমান। লাগোস থেকে পোর্ট হারকোর্ট যাওয়ার পথে ২৭ হাজার ফুট উচ্চতায় এয়ার আরিকের ওই বিমানটির ইঞ্জিনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। যান্ত্রিক ত্রুটির জেরে বিমানের একটি ইঞ্জিন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেলেও বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ভয়ংকর পরিস্থিতির মধ্যেও অসীম ধৈর্যের পরিচয় দিয়ে পাইলট তড়িঘড়ি বিমানটিকে বেনিন বিমানবন্দরে জরুরি অবতরণ করান। বিমানে থাকা ৮০ জন আরোহীর প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে। তবে মাঝআকাশে এই বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠলেও পাইলটের উপস্থিত বুদ্ধিতে এক নিশ্চিত মৃত্যুর হাত থেকে রেহাই পেলেন সকলে। বিশেষজ্ঞ মহলের মতে, সামান্য বিচ্যুতিতে বড়সড় বিপর্যয় ঘটতে পারত।