পশ্চিমবঙ্গের দুই প্রান্তেই কট্টরপন্থী শক্তির উত্থানে তৈরি হচ্ছে চরম উদ্বেগ এবং ঘনীভূত হচ্ছে বড়সড় বিপদের মেঘ

বাংলাদেশ সীমান্তে জামায়াতে ইসলামীর অভাবনীয় জয় এবং বিহারের সীমাঞ্চলে মিমের ক্রমবর্ধমান দাপট এখন বিজেপির প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পদ্ম শিবিরের দাবি, পশ্চিমবঙ্গের দুই পাশেই মৌলবাদী শক্তির এই বিস্তার জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে উত্তর ২৪ পরগনা থেকে মালদহ পর্যন্ত সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে এই রাজনৈতিক পটপরিবর্তন জনবিন্যাসের ভারসাম্য নষ্ট করতে পারে বলে আশঙ্কা করছে গেরুয়া নেতৃত্ব।
রাজ্য বিজেপি এই পরিস্থিতিকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রধান হাতিয়ার করতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মতে, আরজেডি ও তৃণমূলের তোষণ রাজনীতির কারণেই এই শক্তির বাড়বাড়ন্ত হচ্ছে। অমিত মালবীয়ের হুঁশিয়ারি, সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশে মদত দেওয়ার ফল ভোগ করতে হতে পারে রাজ্যের সাধারণ মানুষকে। এই সংকটজনক অবস্থায় কেন্দ্রীয় এজেন্সিগুলোর সক্রিয়তা বৃদ্ধির দাবি জানিয়ে সাধারণ ভোটারদের সচেতন হওয়ার ডাক দিয়েছে বিজেপি।