শহরজুড়ে কড়া নজরদারি এবং পুলিশের ফ্ল্যাশার নিয়ে কমিশনারের বড় পদক্ষেপ

NEWS DESK : কলকাতা পুলিশের নজরদারি বাড়াতে অভিনব নির্দেশ দিলেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। এখন থেকে শহরের ৬২টি পিসিআর ভ্যান রাস্তায় দাঁড়িয়ে থাকলেও সেগুলির ফ্ল্যাশার বা স্ট্রোব লাইট জ্বালিয়ে রাখতে হবে। সাধারণ মানুষের মধ্যে পুলিশের উপস্থিতি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং অপরাধীদের সতর্ক করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ১০টি বিভাগে মোতায়েন থাকা এই ভ্যানগুলোতে নির্দিষ্ট পুলিশ আধিকারিক ও কনস্টেবলরা দিনভর সক্রিয় থাকবেন।
একইসঙ্গে অন-রোড পুলিশিং জোরদার করতে শনিবার সন্ধ্যায় বিশেষ অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে তল্লাশি, হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং প্রবীণ নাগরিকদের যাতায়াতে সহায়তা করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে লালবাজার। পুলিশের এই সক্রিয়তা মহানগরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবে বলে মনে করা হচ্ছে।