আগে কুয়ো না কি পিছনে খাদ! মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, কেন্দ্রের ভুল নীতির কারণে দেশের তুলা চাষি এবং বস্ত্র রপ্তানিকারকরা আজ চরম সংকটের মুখে। ‘১৮ শতাংশ বনাম ০ শতাংশ’ শুল্কের হিসেব তুলে ধরে তিনি দাবি করেছেন, এই চুক্তি আসলে দেশের সাধারণ মানুষের সঙ্গে বড় প্রতারণা।
তুলা চাষি না কি বস্ত্র শিল্প— কাকে বাঁচাবে সরকার?
রাহুল গান্ধীর দাবি, বাংলাদেশ আমেরিকার সঙ্গে এমন এক চুক্তি করেছে যেখানে তারা ০ শতাংশ শুল্কে বস্ত্র রপ্তানি করতে পারছে, বিনিময়ে তাদের আমেরিকা থেকে তুলা আমদানি করতে হচ্ছে। ভারতের ক্ষেত্রে বস্ত্র রপ্তানির ওপর ১৮ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। রাহুল প্রশ্ন তোলেন, ভারত যদি এই শুল্ক ছাড় পেতে চায়, তবে কি দেশের তুলা চাষিদের স্বার্থ বলি দিয়ে আমেরিকা থেকে তুলা আমদানি করতে হবে? তাঁর মতে, এটি একটি ‘মরণফাঁদ’। আমেরিকা থেকে তুলা আনলে দেশি চাষিরা শেষ হয়ে যাবে, আর না আনলে আসাম প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে বস্ত্র শিল্প ধ্বংস হবে।
বেকারত্বের আশঙ্কায় সরব বিরোধী দলনেতা
বস্ত্র শিল্প এবং তুলা চাষ ভারতের কোটি কোটি মানুষের জীবন-জীবিকার মেরুদণ্ড। রাহুল গান্ধীর অভিযোগ, সরকার এই চুক্তির আসল সত্য দেশবাসীর কাছ থেকে আড়াল করেছে। দূরদর্শী চিন্তার অভাব এবং ‘আত্মসমর্পণকারী’ নীতির ফলে লক্ষ লক্ষ পরিবার অর্থনৈতিক সংকটের মুখে পড়বে বলে তিনি সতর্ক করেছেন। মোদী সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, যেখানে একটি দায়িত্বশীল সরকারের উচিত ছিল চাষি ও রপ্তানিকারক— উভয়ের স্বার্থরক্ষা করা, সেখানে বর্তমান সরকার দুই পক্ষকেই বিপদের মুখে ঠেলে দিয়েছে।