ঢাকার হাই কমিশনার পদে রদবদল, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে বড় পদক্ষেপ নিচ্ছে ভারত

দিল্লি ও ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন মেটাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে মোদি সরকার। সূত্রের খবর, বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে অভিজ্ঞ কূটনীতিক সন্দীপ চক্রবর্তীকে পাঠানোর প্রস্তুতি চলছে। বর্তমানে প্রণয় ভার্মা এই দায়িত্বে থাকলেও, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও দুই দেশের সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে নয়াদিল্লি এই রদবদলের সিদ্ধান্ত নিতে চলেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে একজন দক্ষ ও পরিচিত মুখকেই বেছে নিতে চাইছে ভারত।
ইন্দোনেশিয়ায় ভারতের বর্তমান রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী ইতিপূর্বে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকায় ডেপুটি চিফ অব মিশন হিসেবে কাজ করেছেন। অভিজ্ঞ এই কূটনীতিকের হাত ধরে বাণিজ্য ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পুনরায় গতি আসবে বলে আশা করছে ওয়াকিবহল মহল। বাংলাদেশে নতুন সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যেই ভারতের এই কৌশলী পদক্ষেপ দুই দেশের কূটনৈতিক সমীকরণকে আরও মজবুত করতে পারে বলে মনে করা হচ্ছে।