ফেসবুকে পেনশন কার্ডের লোভনীয় বিজ্ঞাপনে ক্লিক করতেই খোয়া গেল প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারের পৌনে ১৫ লাখ টাকা

ফেসবুকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পেনশন কার্ডের ভুয়ো বিজ্ঞাপনে ক্লিক করে জীবনের সঞ্চয় হারালেন সার্ভে পার্কের এক অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার। প্রতারকদের পাঠানো একটি লিঙ্ক ও ‘মিরর অ্যাপ’ ডাউনলোডের ফাঁদে পা দেওয়ায় তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় ১৪ লক্ষ ৭৬ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। এই চাঞ্চল্যকর ঘটনায় সাইবার জালিয়াতদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বর্তমানে ডিজিটাল অ্যারেস্ট ও ভুয়ো ভিডিও কলের মাধ্যমে প্রবীণদের লক্ষ্য করে বাড়ছে সাইবার অপরাধ। কেন্দ্রীয় সংস্থার পরিচয় দিয়ে ভয় দেখানো বা ব্যাঙ্কিং পরিষেবার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা লুঠ করছে দুষ্কৃতীরা। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে লাগাতার সচেতনতামূলক প্রচার চালানো সত্ত্বেও প্রতিনিয়ত সাধারণ মানুষ এই মরণফাঁদে পা দিচ্ছেন। অপরিচিত লিঙ্কে ক্লিক বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সকলকে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে লালবাজার।