উচ্চ মাধ্যমিকের মাঝেই মোবাইল নিয়ে মায়ের বকুনি আর তার জেরে মর্মান্তিক পরিণতি দেখল মেমারি

পূর্ব বর্ধমানের মেমারির তাতারপুরে মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে মায়ের বকুনি খেয়ে আত্মঘাতী হলেন ১৯ বছর বয়সি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রুকসানা খাতুন। দ্বিতীয় দিনের পরীক্ষা দিয়ে ফেরার পর পড়াশোনা ছেড়ে মোবাইল ঘাঁটায় মা তাঁকে শাসন করেছিলেন। এরপর মানসিকভাবে ভেঙে পড়ে নিজের ঘরে ওড়না পেঁচিয়ে চরম পথ বেছে নেন ওই তরুণী। শনিবার সকালে পরিবারের সদস্যরা তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন।
তড়িঘড়ি মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রুকসানাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার দাদা জানান, মা শুধু পড়াশোনায় মন দিতে বলেছিলেন, কিন্তু তার এমন ভয়ানক পরিণতি হবে তা কেউ ভাবেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।