তারেক রহমানের হাত ধরে ফিরছে বিএনপি আগামী মঙ্গলবারেই কি শপথ

নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর নতুন সরকার গঠন নিয়ে শুরু হয়েছে জোর তৎপরতা। আগামী মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রবল সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা এড়াতে স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) মাধ্যমে এই শপথ প্রক্রিয়া সম্পন্ন করার কথা ভাবছে বিএনপি।
দলীয় সূত্রমতে, রমজান শুরুর আগেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে চায় সব পক্ষ। ইতোমধ্যে অনেক নির্বাচিত সদস্যকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে। যদিও শপথের সাংবিধানিক পদ্ধতি নিয়ে আইন বিশেষজ্ঞদের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে, তবে মন্ত্রিপরিষদ বিভাগ যেকোনো দিন অনুষ্ঠান আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। ২১২টি আসন পেয়ে দীর্ঘ সময় পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরতে যাচ্ছে বিএনপি ও তাদের মিত্ররা।