রাজ্যজুড়ে শুরু হচ্ছে স্বনির্ভর বাংলার বিশেষ ক্যাম্প জানুন আবেদনের খুঁটিনাটি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আগামীকাল ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘স্বনির্ভর বাংলা’ প্রকল্পের বিশেষ শিবির। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে এই ক্যাম্প চলবে। লক্ষ্মীর ভাণ্ডার ও নতুন ‘যুবসাথী’ প্রকল্পসহ ভূমিহীন ক্ষেতমজুর ও কৃষকদের আবেদনপত্র এখানে গ্রহণ করা হবে। ছুটির দিন ব্যতীত বিডিও অফিস, পুরসভা এবং জনবহুল এলাকায় এই সরকারি পরিষেবা মিলবে।
‘দুয়ারে সরকার’-এর আদলে আয়োজিত এই শিবিরে আবেদনকারীদের আধার কার্ড, ব্যাঙ্ক পাসবইয়ের প্রতিলিপি, জাতিগত শংসাপত্র এবং পাসপোর্ট ছবি সাথে রাখতে হবে। যুবসাথী ও জলকর মকুবের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো আগামী ১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে। নথিপত্র যাচাইয়ের পর দ্রুত তথ্য আপলোডের জন্য জেলাশাসক ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। প্রশাসনের এই তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।