বাড়বে পিএফের সুদ? ২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক

আগামী ২ মার্চ অছি পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল ইপিএফও। ওই বৈঠকেই ২০২৫-২৬ আর্থিক বছরে কর্মী পিএফে (ইপিএফ) সুদের হার ঘোষণা করবে শ্রমমন্ত্রক। এই মুহূর্তে, অর্থাৎ, ২০২৪-২৫ অর্থবর্ষের নিরিখে ইপিএফ গ্রাহকরা ৮.২৫ শতাংশ হারে সুদ পান। সরকারি সূত্রের খবর, ইপিএফে সুদের হার ৮.২৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হতে পারে সাড়ে আট শতাংশ। কাল, সোমবার দিল্লিতে ইপিএফওর এগজিকিউটিভ কমিটির বৈঠক রয়েছে। সেখানে এব্যাপারে আরও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাবে। এমনই দাবি তথ্যাভিজ্ঞ মহলের। পশ্চিমবঙ্গ সহ দেশের পাঁচটি রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে চলতি বছরে। এই পরিস্থিতিতে বেসরকারি সংস্থা-প্রতিষ্ঠানের চাকুরে মধ্যবিত্ত ভোটারদের মন পেতে ইপিএফে সুদের হার বৃদ্ধিকেই হাতিয়ার করতে পারে মোদি সরকার। এমনই মনে করছে রাজনৈতিক মহল। এব্যাপারে ইপিএফও অছি পরিষদের সদস্য তথা টিউসিসির সাধারণ সম্পাদক এসপি তিওয়ারি বলেন, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক আছে কি না, জানা নেই। জিনিসপত্রের দাম যেভাবে চড়ছে, তাতে কর্মী পিএফে সুদের হার বৃদ্ধি আশু প্রয়োজন।