ব্যাংক লেনদেনে পকেটের টান না কি স্বস্তি, ১৫ ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে নিয়ম

নিউজ ডেস্ক : আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করার আগে এবার একটু সাবধান হতে হবে। সাধারণ মানুষের প্রাত্যহিক আর্থিক অভ্যাসে বড়সড় প্রভাব ফেলতে ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (এসবিআই) নতুন আইএমপিএস চার্জ। এখন থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা গেলেও, এর বেশি টাকা পাঠাতে গেলেই গুনতে হবে অতিরিক্ত মাশুল। অনলাইন ও ব্যাংক শাখা—উভয় মাধ্যমেই এই নতুন চার্জ প্রযোজ্য হবে, যা সরাসরি গ্রাহকদের পকেটে টান দেবে।
অন্যদিকে আগামী ১ এপ্রিল থেকে প্যান কার্ডের নিয়মেও আসছে বড় বদল। স্থাবর সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে প্যান কার্ড জমা দেওয়ার সীমা ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। এছাড়া বছরে ১০ লক্ষ টাকার কম নগদ জমা বা উত্তোলনের ক্ষেত্রে আর প্যান কার্ডের বাধ্যতামূলক প্রয়োজন পড়বে না। আমানতকারীদের জন্য এই শিথিলতা কিছুটা স্বস্তির হলেও, বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে সরকারি নজরদারি আরও কড়া হচ্ছে।