দিল্লির পরিস্থিতি ভয়াবহ, খোদ বিজেপি মুখ্যমন্ত্রী যোগীর নিশানায় রেখা গুপ্তা সরকার

দিল্লির পরিস্থিতি ভয়াবহ, খোদ বিজেপি মুখ্যমন্ত্রী যোগীর নিশানায় রেখা গুপ্তা সরকার

লখনউ: রাজধানী দিল্লির দূষণ পরিস্থিতি নিয়ে এবার নিজের দলের সরকারকেই চরম অস্বস্তিতে ফেললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিল্লির বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে যখন বিরোধীরা সরব, ঠিক তখনই যোগীর মন্তব্য নতুন করে বিতর্কের জোগান দিয়েছে। দিল্লির বর্তমান অবস্থাকে সরাসরি ‘গ্যাস চেম্বার’-এর সঙ্গে তুলনা করেছেন তিনি।

শনিবার গোরক্ষপুরের একটি অনুষ্ঠান থেকে দিল্লির বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন যোগী আদিত্যনাথ। তিনি দাবি করেন, দিল্লির তুলনায় উত্তরপ্রদেশের পরিবেশ অনেক বেশি স্বাস্থ্যকর। যোগীর কথায়, “উত্তরপ্রদেশের বাতাসে দূষণ নেই, তাই এখানে রোগব্যাধির প্রকোপও অনেক কম। কিন্তু দিল্লির দিকে তাকিয়ে দেখুন, সেখানে নিঃশ্বাস নেওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে। গোটা শহরটা একটা গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।”

দিল্লির বর্তমান পরিস্থিতিকে ‘ভয়ংকর’ আখ্যা দিয়ে যোগী আরও জানান, চিকিৎসকরা এখন শিশু, বৃদ্ধ এবং অ্যাজমা রোগীদের ঘরের বাইরে বেরোতে নিষেধ করছেন। গত এক বছর ধরে দিল্লিতে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। নির্বাচনের আগে দূষণমুক্ত দিল্লির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ রাজনৈতিক মহলের। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বাধীন সরকার যখন বিরোধী শিবিরের লাগাতার আক্রমণের মুখে, তখন যোগী আদিত্যনাথের এই মন্তব্য গেরুয়া শিবিরের অন্দরেই অস্বস্তি বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *