পান্নুনকে খুনের ষড়যন্ত্রে দোষ স্বীকার ভারতীয় নাগরিক নিখিল গুপ্তর, হতে পারে ৪০ বছরের জেল

পান্নুনকে খুনের ষড়যন্ত্রে দোষ স্বীকার ভারতীয় নাগরিক নিখিল গুপ্তর, হতে পারে ৪০ বছরের জেল

আমেরিকার মাটিতে খালিস্তানি জঙ্গি গুররপতবন্ত সিং পান্নুনকে হত্যার ছক কষার চাঞ্চল্যকর মামলায় বড় মোড়। মার্কিন আদালতে দাঁড়িয়ে নিজের অপরাধ কবুল করল ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত। পুরো ষড়যন্ত্রে নিজের কেন্দ্রীয় ভূমিকার কথা স্বীকার করে নেওয়ায় এখন তার দীর্ঘমেয়াদী কারাবাসের সম্ভাবনা তৈরি হয়েছে।

ষড়যন্ত্রের পর্দাফাঁস ও নিখিলের স্বীকারোক্তি

মার্কিন বিচারবিভাগের সামনে নিখিল গুপ্ত স্পষ্ট জানিয়েছে যে, পান্নুনকে খতম করার জন্য তাকে বিশেষ দায়িত্ব দিয়ে নিয়োগ করা হয়েছিল। এই পরিকল্পনায় সে ছিল অন্যতম মূল হোতা। তার বিরুদ্ধে আনা তিনটি গুরুতর অভিযোগই আদালতে প্রমাণিত হয়েছে। আগামী ২৯ মে এই হাই-প্রোফাইল মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবে মার্কিন আদালত। দোষী সাব্যস্ত হওয়ায় নিখিলের সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত জেল হতে পারে।

নেপথ্যে কে এই বিকাশ যাদব?

মার্কিন গোয়েন্দাদের দাবি অনুযায়ী, ২০২৩ সালের মে মাসে নিখিল গুপ্তকে এই কাজের জন্য নিযুক্ত করেছিলেন বিকাশ যাদব নামে এক ব্যক্তি। আমেরিকার দাবি, বিকাশ ভারতের ক্যাবিনেট সেক্রেটারিয়েটে কর্মরত ছিলেন, যেখানে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার সদর দপ্তর অবস্থিত। বিকাশের নির্দেশেই পান্নুনকে মারার জন্য একজন ‘হিটম্যান’ বা ভাড়াটে খুনির খোঁজ শুরু করে নিখিল।

যেভাবে ভেস্তে গেল পরিকল্পনা

নিখিল গুপ্ত যে ব্যক্তিকে ভাড়াটে খুনি ভেবে যোগাযোগ করেছিল, তিনি আদতে ছিলেন একজন মার্কিন ‘সিক্রেট এজেন্ট’। বিকাশ যাদব এবং ওই এজেন্টের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছিল নিখিল। কিন্তু মাঝপথেই ওই সিক্রেট এজেন্ট পুরো ষড়যন্ত্রের কথা ফাঁস করে দেন, যার ফলে ভেস্তে যায় পান্নুনকে হত্যার নীল নকশা। এর পরেই আন্তর্জাতিক স্তরে এই ইস্যু নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *