ডাফলি বাজিয়েই কি নারী নিগ্রহ! দিল্লি বিশ্ববিদ্যালয়ে আইসা-এবিভিপি সংঘর্ষে রণক্ষেত্র ক্যাম্পাস

ডাফলি বাজিয়েই কি নারী নিগ্রহ! দিল্লি বিশ্ববিদ্যালয়ে আইসা-এবিভিপি সংঘর্ষে রণক্ষেত্র ক্যাম্পাস

শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণবৈষম্য রুখতে ইউজিসি-র নয়া বিধির দাবিতে উত্তাল দিল্লি বিশ্ববিদ্যালয়। শুক্রবার দুপুরের এই আন্দোলন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ক্যাম্পাস চত্বর। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) কর্মীদের মধ্যে সংঘর্ষে ছড়াল চরম উত্তেজনা।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই ধুন্ধুমারের মাঝেই এক মহিলা ইউটিউবারকে মারধর ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে একদল ছাত্র ওই ইউটিউবারকে ঘিরে ধরে স্লোগান দিচ্ছে এবং ধাক্কাধাক্কি করছে।

একে অপরের বিরুদ্ধে আঙুল

এই নক্কারজনক ঘটনার দায় নিতে নারাজ দুই পক্ষই। এবিভিপির দিল্লি প্রদেশ সচিব সার্থক শর্মা সরাসরি বামপন্থী ছাত্র সংগঠন আইসার দিকে আঙুল তুলেছেন। তাঁর দাবি, যারা ক্যাম্পাসে ডাফলি বাজিয়ে নারী নিরাপত্তার কথা বলে, তারাই শুক্রবার দুপুরে কলা বিভাগে এক মহিলাকে হেনস্তা করেছে। বামপন্থীরা প্রাসঙ্গিকতা হারিয়ে এখন হিংসার আশ্রয় নিচ্ছে বলে তোপ দাগেন তিনি।

অন্যদিকে, পাল্টা আক্রমণ শানিয়েছে আইসা নেতৃত্ব। তাঁদের অভিযোগ, পুলিশ ও সিআরপিএফের উপস্থিতিতেই ‘ডানপন্থী গুন্ডারা’ আন্দোলনকারী এবং ওই ইউটিউবারের ওপর হামলা চালিয়েছে। ইউজিসি ইক্যুইটি রেগুলেশনস নিয়ে সাধারণ পড়ুয়াদের আন্দোলন দেখে ভয় পেয়েই এবিভিপি এই হামলা করেছে বলে দাবি আইসার।

দিল্লি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ক্যাম্পাস জুড়ে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *