রাত বিরেতে আর আসবে না ব্যাঙ্কের রিকভারি এজেন্টদের ফোন, কড়া নির্দেশ জারি হতে পারে শীঘ্রই

নিউজ ডেস্ক : বকেয়া ঋণের টাকা আদায়ের জন্য যখন তখন ব্যাঙ্কের রিকভারি এজেন্টদের ফোন পেয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন? এই হয়রানি থেকে আমজনতাকে মুক্তি দিতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। নতুন খসড়া প্রস্তাব অনুযায়ী, সাতসকালে বা মাঝরাতে ফোন করে ঋণগ্রহীতাদের আর বিরক্ত করা যাবে না। সাধারণ মানুষের ব্যক্তিগত স্বস্তি ও মানসিক শান্তি বজায় রাখতেই এই কড়াকড়ি করার ভাবনা কেন্দ্রের।
সম্প্রতি প্রকাশিত ‘RBI সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ডিরেকশন ২০২৬’ শীর্ষক খসড়ায় জানানো হয়েছে, রিকভারি এজেন্টরা কেবল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যেই গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই নির্দিষ্ট সময়ের বাইরে ফোন করা বা চাপ সৃষ্টি করা আইনত নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই নিয়ম কার্যকর হলে গ্রাহকদের গোপনীয়তা ও নিরাপত্তা যেমন বাড়বে, তেমনই অকাল কুকালে ব্যাঙ্কের ফোনের আতঙ্ক থেকেও রেহাই পাবেন সাধারণ মানুষ।