আমেরিকার কাছে কি তবে আত্মসমর্পণ করল ভারত? মোদি সরকারকে তুলোধনা রাহুলের

আমেরিকার কাছে কি তবে আত্মসমর্পণ করল ভারত? মোদি সরকারকে তুলোধনা রাহুলের

নয়াদিল্লি: ভারত ও আমেরিকার মধ্যকার সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে এবার রণংদেহি মেজাজে ধরা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মোদি সরকারের এই চুক্তি দেশের বস্ত্রশিল্পকে কার্যত ধ্বংসের মুখে ঠেলে দেবে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। বাজেট অধিবেশন শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সাধারণ মানুষের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার অভিযোগে সরব হলেন রাহুল।

শনিবার বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে রাহুল গান্ধী দাবি করেন, আমেরিকার কাছে নতিস্বীকার করে ভারতের টেক্সটাইল সেক্টর বা বস্ত্রশিল্পের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন মোদি। তাঁর মতে, আন্তর্জাতিক বাজারে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী হলো বাংলাদেশ, ভিয়েতনাম ও মালয়েশিয়া। অথচ আমেরিকা ভারতের থেকে রপ্তানি করা বস্ত্রের ওপর ১৮ শতাংশ শুল্ক ধার্য করলেও বাংলাদেশের ক্ষেত্রে তা শূন্য করে দিয়েছে। রাহুলের প্রশ্ন, কেন এই বৈষম্যমূলক শর্ত মেনে নিল ভারত? কার চাপে দেশের ৫ কোটি পরিবারের জীবিকা আজ সংকটে?

রাহুলের এই আক্রমণাত্বক মেজাজে রীতিমতো অস্বস্তিতে বিজেপি শিবির। পাল্টা আক্রমণে নেমেছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল। তিনি রাহুল গান্ধীকে ‘নির্বোধ’ ও ‘মিথ্যাবাদী’ বলে কটাক্ষ করে বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের প্রটোকল নিয়ে বিরোধী দলনেতার কোনো ধারণাই নেই। গোয়েলের দাবি, এই চুক্তির ফলে বিশ্ববাজারে ভারতের বস্ত্রশিল্পের জন্য নতুন দুয়ার খুলে যাবে। এমনকি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও রাহুলকে প্রকাশ্যে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

পাল্টা জবাবে কংগ্রেসের প্রশ্ন, বিজেপি সোজাসুজি উত্তর দিক— ভারতের ওপর ১৮ শতাংশ ট্যাক্স আর বাংলাদেশের জন্য শূন্য ট্যাক্স, এই তথ্যটি সঠিক কি না? কেন মোদি সরকার আমেরিকার কাছে এভাবে নতিস্বীকার করল, সেই আসল কারণ দেশবাসীর সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছে হাত শিবির।

ওয়েব ডেস্ক
  • ওয়েব ডেস্ক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *