মুখ্য নির্বাচন কমিশনারের ওপর ক্ষোভ উগরে দিলেন মমতা, দিল্লিতে ঠিক কী ঘটেছিল

মুখ্য নির্বাচন কমিশনারের ওপর ক্ষোভ উগরে দিলেন মমতা, দিল্লিতে ঠিক কী ঘটেছিল

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণে চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের স্বার্থে করা একাধিক সওয়ালের কোনো সদুত্তর দিতে না পেরে কমিশনার ঔদ্ধত্য দেখিয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। শনিবার তৃণমূলের সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তীব্র আক্রমণের ভিডিও সামনে এসেছে।

গত ৩ ফেব্রুয়ারি ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র নামে সাধারণ মানুষের হয়রানি নিয়ে অভিযোগ জানাতে দিল্লির নির্বাচন সদনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মমতা জানান, প্রোটোকল অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনার তাঁর পদের অনেক নিচে হলেও ন্যূনতম সৌজন্যটুকু দেখাননি। এমনকি চারটের সময় সাক্ষাতের কথা থাকলেও তাঁদের ড্রয়িং রুমে ২০ মিনিট বসিয়ে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা ফুল ও মিষ্টি নিয়ে গিয়েছিলাম, কিন্তু তাঁরা গ্যাট হয়ে বসে রইলেন, কেউ একবার উঠে দাঁড়ানোর সৌজন্যটুকুও দেখালেন না।”

বৈঠকে আদিবাসী ও মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নিয়ে কড়া প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের ঠিক আগে কেন এই ‘নিবিড় সংশোধনী’ চালানো হচ্ছে, তার কোনো যুক্তিগ্রাহ্য উত্তর কমিশনার দিতে পারেননি বলে দাবি মমতার। কোনো সদুত্তর না মেলায় এবং আগের লেখা ছয়টি চিঠির একটিরও জবাব না পাওয়ায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি ঔদ্ধত্যের অভিযোগ এনেছেন তিনি। উল্লেখ্য, এই অপমানের প্রতিবাদেই সেদিন বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *