ছিঁড়ে যাওয়া পুরনো ছবি হবে একেবারে নতুন! গুগল জেমিনির ‘ন্যানো ব্যানানা’ জাদুতে বদলে যাবে আপনার ঘরও

কলকাতা: আপনি কি ভাবছেন গুগলের জেমিনি ‘ন্যানো ব্যানানা’ (Nano Banana) মডেলটি কেবল সোশ্যাল মিডিয়ার জন্য থ্রিডি অবতার বা শাড়ি পরা ছবি তৈরি করতেই সীমাবদ্ধ? তাহলে আপনি এই শক্তিশালী এআই টুলের আসল ক্ষমতা সম্পর্কে এখনও অন্ধকারে। আপনার পুরনো স্মৃতিকে পুনরুজ্জীবিত করা থেকে শুরু করে ঘরের ভোল বদলে দেওয়া— পেশাদার বিশেষজ্ঞের মতো সব কাজই করতে পারে এই উন্নত এআই।
জেনে নিন ন্যানো ব্যানানার সেই ৪টি স্মার্ট ফিচার যা আপনার দৈনন্দিন কাজকে ম্যাজিকের মতো সহজ করে তুলবে।
পুরনো ও ছেঁড়া ছবিতে ফিরবে প্রাণ
আমাদের প্রত্যেকের বাড়িতেই এমন কিছু পুরনো ছবি থাকে যা সময়ের সাথে সাথে ঝাপসা হয়ে গেছে বা ছিঁড়ে গেছে। ন্যানো ব্যানানার সাহায্যে আপনি এই ধরনের ‘ড্যামেজড’ ফটোগুলো অনায়াসেই রিস্টোর করতে পারবেন। শুধু ছবি আপলোড করে কমান্ড দিলেই এই এআই টুলটি ছবির ক্ষতিগ্রস্ত অংশগুলো শনাক্ত করে তা ঠিক করে দেবে এবং ছবিটিকে একেবারে নতুনের মতো ঝকঝকে করে তুলবে।
সাদা-কালো স্মৃতিতে রঙিন ছোঁয়া
ঠাকুরদা-ঠাকুমার আমলের পুরনো সাদা-কালো ছবিকে রঙিন করতে এখন আর কোনো পেশাদার এডিটরের প্রয়োজন নেই। ন্যানো ব্যানানা পুরনো সাদাকালো ছবিগুলোতে অত্যন্ত স্বাভাবিক রঙ ভরিয়ে দেয়। এর কালার ব্যালেন্স এতটাই নিখুঁত যে ছবিগুলো মোটেও কৃত্রিম মনে হয় না।
ছবি থেকে দূর হবে অনাকাঙ্ক্ষিত বাধা
অনেক সময় চিড়িয়াখানা বা মিউজিয়ামে ছবি তোলার সময় সামনে কাঁচ বা জাল চলে আসে, যা পুরো ছবির সৌন্দর্য নষ্ট করে দেয়। জেমিনিতে সেই ছবি আপলোড করে একটি প্রম্পট লিখলেই ন্যানো ব্যানানা চোখের পলকে সেই বাধাগুলো সরিয়ে আপনাকে একটি পরিষ্কার ও স্বচ্ছ ছবি উপহার দেবে।
ঘর সাজানোর অ্যাডভান্স প্ল্যানিং
আপনি কি আপনার ঘর বা বাগানের ভোল বদলে ফেলতে চান? এখন এক টাকাও খরচ না করে আপনি দেখে নিতে পারেন পরিবর্তনের পর আপনার ঘর ঠিক কেমন দেখাবে। নিজের ঘরের একটি ছবি আপলোড করুন এবং আপনার পছন্দমতো সোফা, লাইটিং বা গাছের সেটআপের কথা লিখে প্রম্পট দিন। ন্যানো ব্যানানা আপনাকে একটি মডেল ইমেজ তৈরি করে দেবে, যা আপনার ইন্টেরিয়র ডিজাইনিংয়ের পরিকল্পনাকে অনেক সহজ করে তুলবে।