তারেক রহমানের শপথ গ্রহণে আমন্ত্রণ পেল ভারতসহ ১৩ দেশ

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশে এখন নতুন সরকার গঠনের অপেক্ষা। আগামী মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান। এই বিশেষ মাহেন্দ্রক্ষণে অংশ নিতে ভারত ও পাকিস্তানসহ বিশ্বের ১৩টি দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আমন্ত্রিত দেশের তালিকায় ভারত ছাড়াও রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান।
বিএনপি নেতা এ এন এম এহসানুল হক মিলন জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার সব দেশের নেতাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’—এই পররাষ্ট্রনীতিতেই বিশ্বাসী তারা।
এর আগে বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ে তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় মোদি বলেন, ভারতের প্রতিবেশী হিসেবে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে সব সময় থাকবে নয়াদিল্লি।
জবাবে বিএনপিও মোদির বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক শ্রদ্ধা ও স্থিতিশীলতার ভিত্তিতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে তারা বদ্ধপরিকর।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। ১৫১টির বেশি আসন পেয়ে সরকার গঠন নিশ্চিত করেন তারেক রহমান। এখন বিশ্ব নেতাদের উপস্থিতিতে এক নতুন অধ্যায়ের সূচনার অপেক্ষায় বাংলাদেশ।