রক্তক্ষয়ী যুদ্ধ চিরতরে থামাতে মরিয়া ট্রাম্প! ইউক্রেন ইস্যুতে জেনিভা বৈঠকের আগে বড় বার্তা মার্কো রুবিওর

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অবসরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। এই বৈঠকের পরই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধ “একবার এবং সবসময়ের জন্য” বন্ধ করতে বদ্ধপরিকর।
আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনিভায় রাশিয়া, ইউক্রেন এবং আমেরিকার মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই রুবিও-জেলেনস্কি বৈঠক কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ রুবিও জানান, ট্রাম্প এমন একটি সমাধান চাইছেন যা এই সংঘাতের স্থায়ী অবসান ঘটাবে।
জেলেনস্কির বার্তা ও পরবর্তী পদক্ষেপ
বৈঠকের পর জেলেনস্কি জানান, তিনি মার্কিন বিদেশ সচিবকে ইউক্রেনের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং দেশটির জ্বালানি ব্যবস্থার ওপর রুশ হামলার প্রভাব সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। শীতের প্রকোপ থেকে নাগরিকদের বাঁচাতে এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে আমেরিকার সহায়তাও চেয়েছেন তিনি।
জেনিভা বৈঠকের প্রস্তুতি
জেনিভায় আসন্ন এই আলোচনার সাফল্য নিয়ে আশাবাদী কিয়েভ। এর আগে গত জানুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে এই তিন দেশের মধ্যে এক দফা আলোচনা হয়েছিল। রাশিয়ার তরফে এই জেনিভা বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গেও জেলেনস্কির কথা হয়েছে বলে জানা গেছে। এখন গোটা বিশ্বের নজর জেনিভার দিকে, যেখান থেকে যুদ্ধের অবসানের কোনো দিশা মেলে কি না।