বিয়েবাড়ির হুল্লোড়ে কনের পাশ থেকেই গয়না ও নগদ ভর্তি ব্যাগ গায়েব করে দিল চোর
February 15, 202612:03 pm

রাজস্থানের জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে চুরির চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। জগৎপুরা এলাকার একটি ম্যারেজ গার্ডেনে কনে যখন নিমন্ত্রিতদের সাথে ছবি তোলায় ব্যস্ত ছিলেন, তখনই তাঁর সোফার পাশ থেকে চার লক্ষ টাকার সামগ্রীসহ ব্যাগটি উধাও হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক যুবক অতিথির বেশে মঞ্চে উঠে অত্যন্ত চতুরতার সাথে ব্যাগটি ব্লেজারের নিচে লুকিয়ে চম্পট দেয়।
ব্যাগটিতে নগদ টাকা এবং প্রচুর সোনার গয়না ছিল বলে জানিয়েছে কনের পরিবার। বিয়ের আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হয় যখন দীর্ঘ খোঁজাখুঁজির পরেও ব্যাগের হদিস মেলেনি। ইতিমধ্যেই পাত্রের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই অভিযুক্ত যুবককে শনাক্ত করেছে। পুলিশ জানিয়েছে যে অপরাধীকে ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।