দিল্লি থেকে আসা হেভিওয়েটদের হাত ধরে শুরু হচ্ছে বিজেপির মেগা পরিবর্তন যাত্রা

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে পাঁচটি ভিন্ন প্রান্ত থেকে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করতে চলেছে বিজেপি। শনিবার সল্টলেকে দলের কোর কমিটির বৈঠকে এই যাত্রার রুট এবং রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী এপ্রিল মাসের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী বাছাই নিয়েও প্রাথমিক কথাবার্তা সেরেছেন শীর্ষ নেতারা। নীলবাড়ির লড়াইকে পাখির চোখ করে রাজ্যজুড়ে ব্যাপক রাজনৈতিক কর্মসূচির নীল নকশা তৈরি করছে পদ্মশিবির।
ফেব্রুয়ারির মধ্যেই বিভিন্ন মোর্চা ও সেলের সম্মেলন শেষ করতে মরিয়া বিজেপি। এই কর্মসূচিগুলোতে গুরুত্ব বাড়াতে দিল্লি থেকে জেপি নড্ডা, ধর্মেন্দ্র প্রধান ও বাঁশুরি স্বরাজের মতো হেভিওয়েট মুখদের নিয়ে আসা হচ্ছে। চলতি মাসের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে একটি বড় কর্মী সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের এই বাড়তি সক্রিয়তা নিচুতলার কর্মীদের চাঙ্গা করার পাশাপাশি আসন্ন নির্বাচনে দিল্লির বিশেষ নজরদারির বার্তাও স্পষ্ট করে দিচ্ছে।