মেসিকাণ্ডে বিড়ম্বনার পর আইজি মুকেশকে আবারও নতুন দায়িত্বে পাঠাল নবান্ন
February 15, 202612:34 pm

যুবভারতীতে মেসিকে কেন্দ্র করে বিশৃঙ্খলার জেরে শো-কজ হওয়া বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার মুকেশকে ফের বদলি করল রাজ্য সরকার। কয়েক দিন আগেই তাঁকে মুর্শিদাবাদ-জঙ্গিপুর রেঞ্জের আইজি করা হয়েছিল, তবে নতুন নির্দেশিকায় তাঁকে রাজ্যের আইবি-র আইজি পদে নিযুক্ত করা হয়েছে। নবান্ন এই রদবদলকে রুটিন প্রক্রিয়া হিসেবে অভিহিত করলেও বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা চলছে।
মুকেশের পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চস্তরেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এডিজি দক্ষিণবঙ্গ পদে দায়িত্ব পেয়েছেন রাজীব মিশ্র এবং সিআইডির নতুন এডিজি করা হয়েছে লক্ষ্মীনারায়ণ মিনাকে। এছাড়া কৃষ্ণনগর ও জলপাইগুড়ির পুলিশ সুপার পদেও রদবদল ঘটিয়েছে প্রশাসন। গত ১৩ ডিসেম্বরের অনভিপ্রেত ঘটনার পর থেকে মুকেশের এই ঘনঘন স্থানান্তর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।