রাজ্যে ভোটার তালিকায় বড় রদবদল ঘটিয়ে বাদ পড়তে চলেছেন প্রায় সাড়ে ৬ লক্ষ মানুষ
February 15, 202612:39 pm

ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার শুনানি শেষে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। শুনানিতে অনুপস্থিতি এবং মাইক্রো অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে রাজ্যজুড়ে প্রায় ৬ লক্ষ ৬১ হাজার ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে প্রায় ৫ লক্ষ ভোটার তলব করা সত্ত্বেও হাজির হননি এবং বাকিদের নথি যাচাইয়ের পর অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে।
তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে কমিশন অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। বর্তমানে প্রায় ৫০ লক্ষ ভোটারের নথিপত্র পুনরায় যাচাইয়ের কাজ চলছে এবং ভুয়া ভোটার রুখতে জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে নতুন মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ ও নিয়োগের ওপর জোর দিচ্ছে নির্বাচন দফতর। এই পদক্ষেপের ফলে চূড়ান্ত তালিকায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে।