মুম্বই মেট্রোর মরণফাঁদ! পিলারের চাঁই পড়ে প্রাণ গেল যুবকের, ৬ কোটি জরিমানা ও ৫ গ্রেপ্তার
মুম্বইয়ের মুলুন্দে মেট্রোর নির্মীয়মাণ পিলারের কংক্রিটের চাঁই ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি। শনিবার এলবিএস রোডে মেট্রোর ফ্লাইওভার তৈরির কাজ চলাকালীন পিলারের একটি বিশাল অংশ চলন্ত অটো রিকশার ওপর ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রামধান যাদব নামে এক ব্যক্তি, যিনি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই এসেছিলেন।
কড়া ব্যবস্থা নিল মহারাষ্ট্র সরকার
ঘটনার গুরুত্ব বিচার করে রাজ্য সরকার ও প্রশাসন একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নির্দেশে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সত্যজিৎ সালভেকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার দায় এড়াতে না পারায় সংশ্লিষ্ট ঠিকাদার ও কনসালটেন্ট সংস্থাকে ৬ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ইতিমধ্যেই প্রজেক্ট ডিরেক্টর সহ ঠিকাদার সংস্থার ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আর্থিক সাহায্য ও সুরক্ষা অডিট
মৃতের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, নির্মীয়মাণ গোটা মেট্রো কাঠামোর নিরাপত্তা খতিয়ে দেখতে একটি বিস্তারিত ‘সেফটি অডিট’ বা সুরক্ষা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
রাজনৈতিক তরজা তুঙ্গে
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে ক্ষোভ প্রকাশ করে বলেন যে, বর্তমান সরকারের আমলে মানুষের জীবনের কোনও মূল্য নেই। অন্যদিকে, কংগ্রেস সাংসদ বর্ষা গাইকোয়াড সুরক্ষাবিধি নিয়ে প্রশ্ন তুলে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। ব্যস্ত রাস্তায় নির্মাণকাজ চলাকালীন কেন পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা হয়নি, তা নিয়ে রীতিমতো তুলোধনা করেছেন বিরোধীরা।