গোপনে হাসপাতালে স্থানান্তরের ছক ঘিরে ইমরান খানকে নিয়ে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবনতি ও আদিয়ালা জেল থেকে তাঁকে গোপনে হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পিটিআই দলের অভিযোগ, পরিবারের অনুমতি ছাড়াই ৭৩ বছর বয়সি এই নেতাকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে, যা মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। বিনা চিকিৎসায় তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশ নষ্ট হয়েছে বলে দাবি করা হয়েছে, যা নিয়ে বর্তমানে দেশটির রাজনৈতিক অঙ্গন উত্তাল।
ইমরানের জীবন ঝুঁকির মুখে জানিয়ে বিরোধী শিবিরের নেতারা পার্লামেন্টের বাইরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্ট দ্রুত মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিলেও সরকারের গোপনীয়তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। উন্নত চিকিৎসা ও স্বচ্ছতার দাবিতে অনড় পিটিআই সমর্থকরা এই সংকটকে কেন্দ্র করে পাকিস্তানজুড়ে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।